সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুজিবর রহমান (৫০) নামের এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। মুজিবর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেখালী গ্রামের আক্কাস আলী ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বৈকারি এলাকায় রবিবার বিকেল ৪টায় তিনি বাঘের আক্রমণের মুখে পড়েন।
সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য আনারুল ইসলাম জানান, মুজিবর বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন থেকে সুন্দরবনে ঢোকার অনুমতি নেন। অন্য জেলেদের সঙ্গে সুন্দরবনে গিয়ে মাছ ধরার সময় বৈকারি এলাকায় তিনি বাঘের আক্রমণের মুখে পড়েন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ লোকালয়ে আনার পর বিস্তারিত বলা যাবে।