বাঁশখালী পৌর নির্বাচনে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

তারা হলেন- বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মো. আবদুল লতিফ, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে নঈমুল হক মানিক ও আহমুদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. হারুন ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মহিবুল্লাহ।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বাঁশখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসব পদপ্রার্থীরা হলফনামায় মামলার তথ্য গোপন ও আয়কর রিটার্ন জমা দেননি। তবে বাতিল হওয়া এসব প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।’

দুই মেয়র প্রার্থীসহ বাকি ৫১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে জানিয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বাঁশখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা নেয়ার পর বাছাই করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইকালে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী।