জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ববি শিক্ষক দিলআফরোজের সংগঠন

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক  দিলআফরোজ খানমের সংগঠন 'স্টেপ্স অ্যাহেড'। 

সোমবার বেলা ৩টায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১'র ক্লাইমেট অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে 'স্টেপ্স এ্যাহেড'কে পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে স্টেপ্স এ্যাহেড'র পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সংসঠনটির সহ-প্রতিষ্ঠাতা জনাব শাহানা আফরিন দিনা।

প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আরো যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ বছর প্রতিযোগিতায় সমগ্র দেশ থেকে ৭০০'র বেশি সংগঠন অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে জুরি বোর্ডের মনোনয়নে পাঁচ ক্যাটাগরিতে চুড়ান্তভাবে ১৫টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়। 

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১ এর জুরি বোর্ডে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. আতিউর রহমান, চিত্রনায়িকা জয়া আহসান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। 

পুরস্কার গ্রহণকালে শাহানা আফরিন বলেন, 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বাংলাদেশের তরুণদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে এসে এবং আজকে অ্যাওয়ার্ড জিতে আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। আমি আমার টিমের সব স্বেচ্ছাসেবকদের অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি। অ্যাওয়ার্ডটি শুধু আমার অনুপ্রেরণা নয়, এটা আমাদের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা পার্বত্য অঞ্চল, উপকূল কিংবা সীমান্তে কাজ করছে সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারি'।

স্টেপ্স এ্যাহেড'র বর্তমান প্রেসিডেন্ট দিলআফরোজ খানম তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি আমাদের সংগঠনটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে সাহায্য করবে'।

উল্লেখ্য,  ২০১৮ সালে উপকূলীয় লবনাক্ততাপ্রবণ এলাকায় বসবাসকারী নারীদের মাসিককালিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে হাইজিন কিট বিতরণের উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলআফরোজ খানমের নেতৃত্বে পাঁচ সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ মোফাজ্জল সারওয়ার, মীর নাজিমুজ্জামান সানী, মো. সাদেকউল্লাহ, শাহানা আফরিন দিনা এবং গোলাম রাব্বানীর হাত ধরে স্টেপ্স যাত্রা করে। 

বর্তমানে সংগঠনটি মাসিককালিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি  শীতলপাটিতে নতুনত্ব, বিনামূল্যে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষাবৃত্তি, বাঘ বিধবাদের পুর্নবাসনসহ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে।