শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে প্রণীত পাঠ্যবইয়ের মাধ্যমে শিশুরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে। সেই সঙ্গে তারা পাঠ্যবইয়ের মাধ্যমে সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো শিখবে। গতকাল সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানেই পাঠ্যপুস্তকে লেখা হবে, যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে।’
ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা-পর্যালোচনা করেন ও দিকনির্দেশনা দেন দীপু মনি। তিনি বলেন, ‘শিশুরা যা শিখবে তা যেন বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে। নতুন পাঠ্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপরও গুরুত্ব দিতে হবে।’