যুবলীগের দায়িত্ব দুটি। এক, যেকোনো মূল্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করা। দুই, রাজপথে থেকে বঙ্গবন্ধুকন্যার সব অর্জন রক্ষা করা। পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে সামশ পরশ।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে সম্মান এনে দিয়েছেন। এই সম্মান আমাদের ধরে রাখতে হবে। সামনে যে দিন আসছে তাতে দক্ষতার বিকল্প নেই। আমাদের যেমন রাজপথে লড়াকু সৈনিক দরকার, তেমনি মেধাবী উদ্যোক্তা দরকার। সৃজনশীল প্রতিভার দরকার, দক্ষ কারিগর দরকার।
জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসাম খান নিখিলসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংসদ শাহজাহান মিয়া, সাংসদ এস এম শাহজাদা, সাংসদ মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।