দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু

‘আমার সংস্কৃতি আমার অহংকার’ প্রতিপাদ্য নিয়ে হাজং সম্প্রদায়ের অংশগ্রহণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি বিরিশিরিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দেউলি উৎসব। গতকাল সোমবার বিকেলে এই উৎসব উদ্বোধন করেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

গীতিকার, কবি ও একাডেমির পরিচালক সুজন হাজংয়ের সভাপতিত্বে উৎসবে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, বিশ^ বাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও শিশুসাহিত্যিক কবি আসলাম সানী, একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার, পল্টন হাজং প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা হাজং সাংস্কৃতিক দল তাদের কৃষ্টি তুলে ধরে ঐতিহাসিক মহিষা সুরবধ পালা পরিবেশন করে।