যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানদের সাথে রেজা-নুরের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়া ও গার্মেন্টস পণ্য রপ্তানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ।

দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাসের নতুন রাজনৈতিক শাখা প্রধান আর্তুরো হাইনস ও টম বার্গের সঙ্গে আলোচনাকালে এ অনুরোধ করেন।

নুর জানান, আর্তুরো হাইনসের সঙ্গে মঙ্গলবার আমেরিকান ক্লাবে ও টম বার্গের সঙ্গে কয়েকদিন আগে ড. রেজা কিবরিয়ার বাসায় সাক্ষাৎকালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নুরুল হক নুর বলেন, আলোচনায় তারা আমাদের নেতা-কর্মীদের ওপর বিভিন্ন সময়ে সরকারি দলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন। এছাড়া দেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, ভিন্নমতের সংগঠনের ওপর হামলা, আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক হেনস্তা ও পুলিশি হেফাজতে নাগরিকদের নির্যাতন-নিপীড়ন ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং নাগরিকদের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নুর জানান, তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের জায়গা থেকে ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন। বিশেষ করে তারা ভবিষ্যতে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চান বলে জানান।

এ সময়, তারা গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমতের রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও নাগরিকদের ওপর হামলা, নিপীড়নকারীদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কোনোভাবেই সমর্থন করে না। তাই মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিষেধাজ্ঞার মতো আরও কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন।

এ সময় গণ অধিকার পরিষদের দুই নেতা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়ার সুযোগ ও গার্মেন্টস পণ্য রপ্তানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানান।

নুর বলেন, পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপও যেন চালু থাকে সে বিষয়ে আর্তুরোকে অনুরোধ করেছি। একই সাথে উচ্চ শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যও আহ্বান জানিয়েছি।