আমাদের অনেক উন্নয়ন সহযোগী মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করলে তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে।
মঙ্গলবার ডিপ্লোম্যাটস ম্যাগাজিন আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইচ্ছুক দেশগুলোর একটি জোট গঠনের ধারণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক উন্নয়ন সহযোগী মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে। এটা খুবই দুঃখজনক।’
তিনি বলেন, ‘কয়েকটি দেশ থেকে মিয়ানমার ২৪০ কোটি ডলারের অস্ত্র কিনেছে। চীন ও রাশিয়া ছাড়াও ভারত, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইউক্রেন ও ফিলিপাইন মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করছে।’
আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত যেন কেউ সে দেশে অস্ত্র সরবরাহ করতে না পারে। কার্যকর চাপের মধ্যে না থাকলে তারা কিছুই করবে না। সেই চাপ নেই।’
তিনি আরও বলেন, এ বছর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের পর সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। অথচ গণহত্যার বিরোধিতাকারী, মানবাধিকার প্রচারকারী পশ্চিমা দেশগুলোর অনেকেই মিয়ানমারের সঙ্গে তাদের বাণিজ্য বাড়াচ্ছে। গত ৪ বছরে মিয়ানমারের সঙ্গে তাদের ব্যবসা বেড়েছে ১৫ গুণ।’