কৃষকের ৩৯০টি পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের চপল মোল্যা নামে এক কৃষকের ৩৯০টি পেঁপেগাছ গত সোমবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত চপল মোল্যা বলেন, গত বছর বাবলু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২ বিঘা জমি ইজারা নিয়ে তিনি ১ হাজার ৮০০টি পেঁপের চারা রোপণ করেন।

এ বছরই প্রথম ফলন এসেছে। জমির ইজারামূল্যসহ ২ বিঘা জমিতে পেঁপে চাষে তার এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এ পর্যন্ত ৫০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন। চলতি বছরসহ আগামী ৩ বছরে তিনি এই বাগান থেকে ১৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছিলেন। বাগানের ৩৯০টি পেঁপেগাছ কেটে দেওয়ায় তার ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বাকি গাছগুলো নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। তিনি এ বিষয়ে মাগুরা সদর থানায় জিডি করেছেন।

সদর থানার ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, স্থানীয় বিট পুলিশকে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।