পোষা কুকুরের নাম নিয়ে এমন বিপদে পড়তে হবে ভাবতেও পারেননি নীতাবেন সারভাইয়া।
কুকুরটির নাম রেখেছিলেন সোনু। আর তাতেই বিপত্তি। প্রতিবেশীসহ বেশ কয়েকজন ঘরে ঢুকে তার গায়ে আগুন লাগিয়ে দিলেন!
ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভাবনগরে।
গুরুতর আহত অবস্থায় ভাবনগরের এক সরকারি হাসপাতালে ভর্তি করা হলো নীতাবেনকে।
সোমবার দুপুরে নীতাবেনের স্বামী ও তার সন্তানকে নিয়ে দোকানে যান। সেই সময় ঘরে নীতাবেন তার ছোট ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন।
তিনি অভিযোগ করেন, বিকেল নাগাদ তার প্রতিবেশী সুরভাই ভরওয়াদ পাঁচজনকে নিয়ে ঘরের মধ্যে জোর করে ঢুকে পড়েন। বচসা শুরু হয় কুকুর সোনুকে নিয়ে। কেন তার ওই নাম রাখা হয়েছে এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন সুরাভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্তের স্ত্রীর ডাকনামও সোনু। তার অভিযোগে, ইচ্ছা করেই কুকুরের ওই নাম রাখা হয়েছে।
পুলিশকে নীতাবেন জানিয়েছেন, সুরাভাই ও তার সঙ্গীরা তাকে হেনস্তা করতে থাকেন। কিন্তু সেসব অগ্রাহ্য করে রান্নাঘরের দিকে চলে যান নীতাবেন। তিনজন তার পেছন পেছন রান্নাঘরে এসে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন নীতাবেন। তার আওয়াজ শুনে অন্য প্রতিবেশীরা ছুটে আসে। সেই সময় তার স্বামীও বাড়িতে ফিরে আসেন। দ্রুত গায়ের কোর্ট চাপা দিয়ে আগুন নেভান তিনি।
পুলিশ জানিয়েছে, আগেও পানি সরবরাহ নিয়ে দুই প্রতিবেশীর ঝগড়া হয়। পুলিশ অভিযুক্ত ছ’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে।