সরকার সার্চ কমিটির মাধ্যমে ছাগল কমিশন গঠন করতে চায়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার সার্চ কমিটির মাধ্যমে ছাগল কমিশন গঠন করতে চায়, সেই কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। এমনকি ঘরে বসেও থাকবে না। একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি আরো বলেন, রক্তের বিনিময়ে স্বাধীন করা এ দেশকে বিদেশে মাফিয়াদের দেশ বলে চেনে। এ অবস্থা থেকে দেশকে বের করতে হবে। 

তিনি আরো বলেন, এ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্তি পেয়ে বিদেশে চলে যায়। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দিচ্ছে না। এ সরকার চায় খালেদা জিয়াকে আটকে রাখতে। কারণ তারা মনে করে খালেদা জিয়া দেশের বাইরে গেলে এ সরকার টিকে থাকতে পারবে না। তবে তাকে আটকে রেখেও শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।