শুধু আইন প্রয়োগ করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না: আইনমন্ত্রী

শুধু আইন প্রয়োগ করে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করা যাবে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এজন্য প্রয়োজন সচেতনতা।

মন্ত্রী বলেন, এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এই সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

বুধবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নারীদের সুরক্ষা এবং নারী নির্যাতন প্রতিরোধে অনেক আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, নারীরা তার অধিকার নিয়ে সমাজে বেঁচে থাকুক, এটাই এই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকা উত্তর সিটি  করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য নাহিদ ইজাহার খান।