সাফজয়ী মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আলাদা বিবৃতিতে নারী দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এ জয় বাংলাদেশকে ফুটবল বিশ্বের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবে। এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।’

এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরো এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন আনাই মগিনী।

এবারের টুর্নামেন্টে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। অর্থাৎ অপরাজিত চ্যাম্পিয়ন গোলাম রব্বানী ছোটনের দল। শুধু তাই নয়, মারিয়া মান্দারা কোনো গোলই হজম করেনি আসরে।

টুর্নামেন্টে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই আসরে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেবার অবশ্য অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে ছিল আসরটি। এবার বয়সের মানদণ্ড এক বাড়ানো হয়েছে।