টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার তরুণ চালককে গলা কেটে এবং কুষ্টিয়ার চর মিলপাড়া ও ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া, জামালপুরে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হয়েছেন বৃদ্ধ। যশোরের বাঘারপাড়ায় বটগাছ থেকে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্রের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে গোলাম রাব্বি (২৪) নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালককে গলা কেটে হত্যার পর বাহনটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম পশ্চিমপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে। গোলাম রাব্বি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে অপরিচিত তিন যুবক পাকুল্যা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে নিয়ে আসে। পরে তাকে হত্যার পর মরদেহ ভাতগ্রাম এলাকায় রাস্তার পাশে ফেলে যায়।
মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, রাব্বির বাবা মোকলেছ বিকেলে বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
কুষ্টিয়া : চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে স্থানীয়রা চর মিলপাড়া এলাকার শ্মশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত সবুজ হাসান স্থানীয় বাসিন্দা হায়দার আলির ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত দ্বন্দ্বে রাতের কোনো এক সময় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়।
ঝিনাইদহ : কোটচাঁদপুরের কপোতাক্ষ নদের পাড়ে রিয়াদ খান (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার কপোতাক্ষ নদীর ধারে একটি বাগানবাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সলেমান আমীন খানের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।
জামালপুর : জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী ফকির (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা নায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, বিরোধপূর্ণ জমিতে রোপণ করা সুপারিগাছ কেটে নেওয়ার সময় প্রতিপক্ষ আক্কাস আলীকে পিটিয়ে হত্যা করে।
যশোর : বাঘারপাড়ায় লিমন হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লিমন উপজেলার করিমপুর গ্রামের তুরফান সরদারের ছেলে। গত মঙ্গলবার সকালে একটি শ্মশানঘাটের বটগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।