যুক্তরাজ্যে এবার রেকর্ড ১ লাখ ৬ হাজার শনাক্ত

নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে যুক্তরাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়ে গেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৬ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এএফপি বলছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো যুক্তরাজ্যে দৈনিক করোনা সংক্রমণ লাখ ছাড়ালো।

গত কয়েক দিন যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বাড়ছিল। দৈনিক সংক্রমণের সংখ্যা ৯০ হাজারের আশপাশে ছিল।

করোনা মহামারীতে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য।

দেশটিতে এ মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছেন। আর ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

দৈনিক সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণকে তৃতীয় ডোজ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

দেশটিতে এখন পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে জানা গেছে।

এদিকে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন একই সময় মারা গেছেন ১ হাজার ৬৩৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা প্রায় ৫ কোটি ২৫ লাখ ১১ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৩৩ হাজার ২৯ জন।