অটোরিকশার ইঞ্জিনে চাদর পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন সবজি ব্যবসায়ীর

মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশার ইঞ্জিনে নিজের শরীরের চাদর পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়েছে আব্দুল কুদ্দুস আলী (৪৭) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর।

নিহত কুদ্দুস বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরকারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-বিন্নাডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজার থেকে কাঁচামাল কিনে কুদ্দুস অটোগাড়িতে সাভারের হেমায়েতপুর যমুনা মোড় বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

তিনি চালকের ডান পাশে বসে থাকা অবস্থায় চলন্ত গাড়ির ইঞ্জিনের সঙ্গে নিজের শরীরে চাদর গলায় পেঁচিয়ে দেহ থেকে মাথা আলদা হয়ে যায়।

নিথর দেহ গাড়িতে পড়ে থাকলেও মাথা আলাদা হয়ে সড়কে ছটফট করতে থাকে। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই ইমরান হাসান বলেন, অটোগাড়ি চালক জনতার রোষানলের ভয়ে গা-ঢাকা দিয়েছে। গাড়িটি  জব্দ করা হয়েছে।