কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) হত্যার ঘটনায় মূল আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর সাকিব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত সোমবার বিকেলে দাউদকান্দি মডেল থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের মালাখালা গ্রামের নারিকেলতলা জামে মসজিদের সামনে ওয়াজ ও দোয়া মাহফিলে যায় এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমন।
সেখানে পূর্ব শত্রুতার জেরে মামলার প্রধান আসামি নাছির উদ্দিন ওরফে মুরগি নাছিরসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল ইখতেখার হাসান ইমনের উপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা জামাল সওদাগর বাদী হয়ে বুধবার দাউদকান্দি মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাব-১১ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মালাখালা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও এজাহারভুক্ত ১নং আসামি মো. নাছির উদ্দিন ওরফে মুরগি নাছির (৪০), একই গ্রামের আ. মান্নান এর ছেলে ইয়াছিন (২২), বশির আহম্মেদের ছেলে হৃদয় (২৩) এবং নারিকেলতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাইনুদ্দিন (১৮)।
আসামিদের দাউদকান্দি থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে ইমন খুন হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক সাব্বিরকে (২১) বুধবার মামলা হওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারভুক্ত আরেক আসামি হোসেনকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মালাখালা গ্রামের মোসলেম মিয়া ওরফে মুইস্যার ছেলে।