বিয়ে করেছেন নাসিরের সাবেক প্রেমিকা মডেল সুবাহ

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল সুবাহ শাহ হুমায়রা বিয়ে করেছেন। সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে ছড়ানো প্রেমের গুঞ্জনকে বিয়েতে রূপ দিলেন তারা।

একটি সূত্র জানিয়েছে, ‘ক্রিকেটার নাসিরের আইনি ঝামেলার সময়ই’ সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার নিজেদের গায়েহলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ। তিনি গায়েহলুদের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইলিয়াস ও সুবাহ এখন রাজধানীর বনানী এলাকায় একসঙ্গেই সংসার পেতেছেন।

সুবাহ বলেন, হ্যাঁ আমাদের গায়েহলুদ হয়েছে। তবে কবে এই অনুষ্ঠান হয়েছে সেটি জানাননি। এমনকি বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাবও এড়িয়ে গেছেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বলেন, ‘ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দুজন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপড়াটা ভালো।’

তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।’