গাজীপুরের শ্রীপুরে বোনের বাড়ি বেড়ানো শেষে নিজ বাড়ি ফেরার সময় কাভার্ডভ্যান ধাক্কায় অটোরিকশা উল্টে হাসনা হেনা (৬৫) নামের এক নারী গুরুতর আহত হন। পরে রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ওই নারীর মৃত্যু হয়।
বুধবার রাতে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘাতক গাড়ি আটক করেছে পুলিশ। স্বজনদের অনাপত্তির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত হাসনা হেনা পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার আবদুল হাজিদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পটকা গ্রামের প্রোস্টার অ্যাপারেলস নামের পোশাক কারখানার একটি কাভার্ডভ্যান কাপাসিয়া শ্রীপুর সড়কে চলার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। ওই অটোরিকশাতে দুই শিশুসহ এক নারী ছিলেন। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে সড়কের নিচে পড়ে যায় অটোরিকশাটি।
তারা আরো জানান, এ সময় গুরুতর আহত হন এক নারী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই আহত নারীর মৃত্যু হয়।
স্বজনরা জানান, ওই নারী পটকা এলাকার তার বোনের বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তার সঙ্গে আরও দুই শিশু নাতনি ছিল। তারাও আহত হয়েছে। তাদের চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যান আটক করে নিয়ে গেছে।
শ্রীপুর মডেল থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে গাড়ি (কাভার্ডভ্যান) আটক করে নিয়ে আসা হয়েছে। তবে নিহতের স্বজনদের অনাপত্তিতে মানবিক আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।