ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদার আসর ফেডারেশন কাপ মাঠে গড়াবে শনিবার। তার আগে বৃহস্পতিবার আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে একই গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
‘এ’ গ্রুপে বসুন্ধরা ও মোহামেডানের সঙ্গে রয়েছে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠে আসা স্বাধীনতা ক্রীড়া সংঘ।
বসুন্ধরা ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যে ম্যাচ দিয়েই মাঠে গড়াবে আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সদ্য স্বাধীনতা কাপজয়ী আবাহনী লিমিটেড। তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা।
‘বি’ গ্রুপ আবাহনী ও উত্তর বারিধারার সঙ্গী অপর দল- শেখ রাসেল ক্রীড়াচক্র।
‘সি’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ। ‘ডি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। চারটি কোয়ার্টার ফাইনাল হবে ১ ও ২ জানুয়ারি, দুই সেমিফাইনাল হবে ৫ জানুয়ারি এবং ফাইনাল মাঠে গড়াবে ৮ জানুয়ারি।
সবগুলো ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। আসরে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ৫ লাখ ও রানার্সআপ দলের জন্য তিন লাখ।
আসরের টাইটেল স্পনসর বসুন্ধরা গ্রুপ।