কভিড-১৯-এর প্রকোপ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানালেও এ পুনরুদ্ধার প্রক্রিয়াটি যথেষ্ট মাত্রায় টেকসই হচ্ছে না বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২১-২২ প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সিপিডির গবেষকরা।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) সময়ে করোনাকালীন সরকারের সহায়ক পদক্ষেপের প্রভাব ও সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে আরও কী দরকার সে বিষয়ে পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যায়, রাজস্ব আদায় লক্ষ্য থেকে অনেক পিছিয়ে আছে এবং এ খাতে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন অনেক কঠিন হবে।’
মহামারীর মধ্যে পুঁজিবাজার কেমন করছে, পর্যালোচনা করে সিপিডি জানায়, এখানেও নানা ধরনের দুর্বলতা রয়েছে। কভিড-পরবর্তী সময়েও এ দুর্বলতাগুলো এ বাজারকে ভোগাবে বলে সংস্থাটি আশঙ্কা করছে। এ সময়ে সিপিডি জানায়, রেমিট্যান্স আহরণ ও বিদেশি সাহায্য প্রাপ্তিতে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
গোলাম মোয়াজ্জেম বলেন, সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, পুঁজিবাজার ও বহিঃখাত এই প্রত্যেকটি খাতে কভিড-১৯ পূর্ব সময় থেকে নানা ধরনের দুর্বলতা ছিল। কভিডের সময় এ দুর্বলতাগুলো কিছুটা লুকিয়ে ছিল। এ সময়ে অর্থনীতির ভঙ্গুরতার কারণে সমস্যাগুলো প্রকটতর হয়েছে। ফলে কভিডের পরে সরকার যখন এ বিষয়গুলো ব্যবস্থাপনা করতে যাচ্ছে তখন আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। এ সময়ে কতিপয় বড় ব্যবসায়ী গোষ্ঠী তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। তাদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও কমেছে।
তিনি আরও বলেন, চালের ক্ষেত্রে সরকারের নতুন করে পুনর্মূল্যায়ন দরকার যে দেশে কী পরিমাণ চালের ব্যবহার রয়েছে। কেননা এখন ঘরের বাইরেও চালের ভোগজনিত ব্যবহার হচ্ছে। ফলে চালের প্রকৃত চাহিদা জানতে এ ধরনের একটি পুনর্মূল্যায়ন দরকার।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কিন্তু সরকারি সংস্থা বিবিএসের তথ্যে দাম বাড়ার কোনো প্রতিফলন নেই। কারণ হতে পারে, বিবিএস যেসব পণ্যের ওপর ভিত্তি করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) করে থাকে, সেটি অনেক পুরনো। অথচ সাম্প্রতিক সময়ে মানুষের ভোগে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই সময় এসেছে, ভোক্তা মূল্যসূচক করার জন্য নতুন পণ্যের বাস্কেট করতে হবে। কারণ বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে বিবিএসের তথ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে।
সিপিডি বলেছে, সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের টাকা বড় বড় উদ্যোক্তা পেয়েছেন। ঋণখেলাপিরাও পেয়েছেন। প্রণোদনা প্যাকেজের টাকা যাদের পাওয়ার কথা, তাদের কাছে টাকা পৌঁছায়নি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ক্ষতিগ্রস্তরা প্রণোদনার টাকা পাবেন। কিন্তু ক্ষতিগ্রস্তের সংজ্ঞা কী? নীতিতে দুর্বলতা থাকার কারণে প্রণোদনার টাকা সঠিক জায়গায় যায়নি। অর্থনৈতিক পুনরুদ্ধারে আগামী অর্থবছরের বাজেটে প্রান্তিক মানুষের ওপর বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।
সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই প্রণোদনা হিসেবে নগদ টাকা দিয়েছে। সিপিডির পক্ষ থেকেও প্রান্তিক মানুষকে নগদ ৮ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে ৫০ লাখ পরিবার বাছাই করা হলেও সবাইকে নগদ টাকা দেওয়া যায়নি। সুবিধাভোগীর তালিকা বাছাই প্রশ্নবিদ্ধ ছিল।
ফাহমিদা খাতুন বলেন, আমরা এখনো করোনা থেকে পরিত্রাণ পাইনি। অসংখ্য মানুষ করোনার কারণে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। তাদের নগদ টাকা দিতে হবে। তিনি বলেন, প্রতি পরিবারে চারজন সদস্য ধরে এক মাসে খরচ আসে ৭ হাজার ২৯৭ টাকা। যদিও সরকার থেকে দেওয়া হয়েছে আড়াই হাজার টাকা করে। নগদ টাকা আরও বেশি সময় ধরে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণেও পণ্যের মূল্য বাড়ছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারের কাছে জমা রাখার কারণেই বিপিসি জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ করতে পারেনি। এটা করতে পারলে হয়তো জ্বালানি তেলের দাম সমন্বয় করার দরকার হতো না।