ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদে সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে আমরা ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে একপক্ষ হুমকি-ধমকি দিচ্ছে। স্থানীয় সাইফুল ইসলাম, এনামুল হক ও আলমগীর হোসেন বলেন আগে থেকেই জেলার সরকারদলীয় নেতাকর্মীরা এলাকায় যাতায়াত করছেন। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনের দিনও তারা মাঠে থেকে নৌকার পক্ষে ভোট ডাকাতির হুমকি দিয়েছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ইসলাম খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে কুৎসা রটাচ্ছে।