শিল্পকলায় পদাতিকের নাট্যোৎসব শুরু

ঢাকার জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পদাতিক নাট্য সংসদ আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অতিথি ছিলেন নাট্যজন ম. হামিদ, লাকী ইনাম, আক্তারুজ্জামান, অলোক বসু, কাজী রফিক প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক নাট্যদলের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু।

উদ্বোধনী আলোচনা শেষে একযোগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুস্বরের ‘তিনকড়ি, পরীক্ষণ থিয়েটার হলে আয়োজক নাট্যদলের ‘কালরাত্রি’এবং স্টুডিও থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাইফেল’ নাটক মঞ্চস্থ হয়।

উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’। সমাপনী দিন মঞ্চস্থ হবে থিয়েটার আরামবাগের ‘দ্রৌপদী পরম্পরা’, থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ এবং থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’। সমাপনী সন্ধ্যায় দেশের খ্যাতিমান চারজন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মান্নান হীরা স্মরণে নাট্য প্রদর্শনী : নাটক মঞ্চায়ন ও স্মারক বক্তৃতা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নাট্যকার মান্নান হীরার প্রথম মৃত্যুবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আলোচনা সভা এবং মান্নান হীরার লেখা ‘ময়ূর সিংহাসন’ নাটকের প্রদর্শনীর আয়োজন করে নাট্যদল আরণ্যক। মান্নান হীরা আমৃত্যু যুক্ত ছিলেন আরণ্যক নাট্যদলের সঙ্গে। সন্ধ্যা ৭টায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে মান্নান হীরাকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন রশীদ। পরে ‘ময়ূর সিংহাসন’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।