দেড়শ কোটি টাকা গোনার পর আরও নোট রয়ে গেছে। অগত্যা মাটিতে বসেই সেই টাকা গুনছেন আয়কর কর্মকর্তারা।
কলকাতার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, যে দিকে তাকানো যায়, সে দিকেই টাকার নোট! পীযূষ জৈন নামে কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার করেছে আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানে।
কানপুরের আয়কর বিভাগের অনলাইনে দেওয়া ছবিতে দেখা যায়, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।
অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। যে নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়, শুক্রবার সকালে প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ কোটি রুপির নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি।
প্রতিবেদনে বলা হয়, কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছিলেন। তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়ো সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার রুপির ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে বলেও জানানো হয়।
পীযূষের সুগন্ধী দ্রব্যের ব্যবসা রয়েছে। সেই সঙ্গে কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। মুম্বাইয়ের একটি শো-রুমের মালিক তিনি। কানপুরে আয়কর দপ্তরের সঙ্গে মুম্বাইয়ের কর্মকর্তারাও যোগ দেন এই তল্লাশিতে।