সৈকতে ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু কিশোরীর

কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। সৈকতে ঘুরতে এসে কাঁকড়া খেয়ে শ্বাসকষ্ট শুরু হওয়ার পরেই তার মৃত্যু হয়। এর আগেও কাঁকড়া খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল।

জানা গেছে, ভারতের পূর্ব মেদিনীপুরের সৈকত শহরে এসে কাঁকড়া খেয়েছিলেন ঋত্বিকা ভগত (১৮)।  এ বছরই দিঘায় ঘুরতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল বেহালার সৌম্যদীপ শিকদার (২২) নামের এক যুবকের। খবর: আনন্দবাজার

ওই কিশোরীর বাড়ি ভারতের বীরভূমের রামপুরহাটের হাটতলায়। পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দিঘায় ঘুরতে এসেছিলেন তিনি। সমুদ্র সৈকত ঘোরার পর রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঋত্বিকার পরিবার সূত্রে জানা যায়, ঋত্বিকার বরাবরই অ্যালার্জির সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল। তবে দিঘায় বেড়াতে এসে হোটেলে সামান্যই কাঁকড়া খেয়েছিল। তারই খেসারত জীবন দিয়েই মেটাতে হল।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে এসে একই ভাবে কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল বেহালার সৌম্যদীপের। ওই যুবকও নিজের অ্যালার্জির সমস্যা ভুলে কাঁকড়া খেয়েছিলেন।