বান্দরবানের রোয়াংছড়ির উপজেলায় বাদুড় ঝরনায় গোসল করতে নেমে ডুবে যেতে থাকা সঙ্গীকে উদ্ধার করে উদ্ধারকারী তিনজনই ঝরনার কূপে তলিয়ে গিয়েছে।
শুক্রবার উপজেলার তারাছার বাদুড় ঝরনায় এ ঘটনা ঘটে। ঝরনার কূপে তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
বান্দরবান টুরিস্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মারিয়া ইসলাম নারায়ণগঞ্জ হেরিটেজ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, ১০ জনের পর্যটক দলটির মধ্যে প্রথমে একজন ঝরনার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে নামা সঙ্গীকে ঝরনার কূপে আস্তে আস্তে তলিয়ে দেখতে পায় অন্য তিনজন। তখন ওই তিনজন তাকে কূপ থেকে উদ্ধার করে ঝরনার তীরে উঠিয়ে দেয়। কিন্তু এ সময় উদ্ধারকারী তিনজন কূপে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অপর দুজন নিখোঁজ রয়েছেন।
তদন্ত কর্মকর্তা আরও জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহত এবং নিখোঁজ শিক্ষার্থীর পরিবারকেও ঘটনা জানানো হয়েছে।