শাকিব খানের নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে চলচ্চিত্র

শাকিব খানের নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গুণী নির্মাতা এফআই মানিক। চলচ্চিত্রের নাম স্টোরি অব শাকিব খান। বৃহস্পতিবার চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটি নিবন্ধিত হয়েছে।

নির্মাতা এফ আই মানিক বলেন, ‘আমি ‘স্টোরি অব শাকিব খান’ বানাতে যাচ্ছি। শিগগিরই এর শুটিং শুরু হবে। অনেক দিন ধরে চলচ্চিত্র নির্মাণে বিরতি ছিল। এটি দিয়ে আমি নতুন কাজ শুরু করতে যাচ্ছি।’

মানিক আরও বলেন, ‘ঢাকাই চলচ্চিত্রের প্রধান নায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও প্রধান নায়ক হয়ে ওঠার গল্প।’

শাকিব খানের ভূমিকায় ও তার অন্যতম পার্শ্ব-অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন এ বিষয়ে নির্মাতা এখনই কোনো তথ্য জানাতে চাননি। শাকিব খানের আসল নাম মাসুদ রানা। চলচ্চিত্র দুনিয়ায় শাকিব খান নামটি কিভাবে পেলেন সে গল্পটিও দর্শকরা দেখতে পাবেন বলে জানান এফ আই মানিক।