ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আসার পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই পারভেজ (১৮) ও হাসিব (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার কাঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার খোকনের ছেলে ও হাসিব মঠবাড়িয়ার ছোট শৈউলা এলাকার ফারুক আকনের ছেলে।
পারভেজ গত এক মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেলে ঝালকাঠি যাচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।