তিন মাসে উপজেলা পর্যায়ে টিসিবির ৪-৫ শ ট্রাক: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, আন্তার্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও দাম বৃদ্ধি পায়। তবে আমদানী নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু হবে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে ৪-৫ শ টিসিবি ট্রাক নামানো হবে।

চুয়াডাঙ্গায় কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে ২০২১-২০২২ অর্থ বছরের মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এসব বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন। 

শিল্পমন্ত্রী বলেন, দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। চিনিকল আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সব কারখানা চালু করা হবে। দেশের কোনো চিনিকলই বন্ধ না।

আখের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই-বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে। 

খালেদা জিয়ার ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন কোনো ইস্যু নাই তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু যারা চেষ্টা করছে তার থেকে শো অফ করছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর প্রমুখ। 

পরে দর্শনা কেরু চিনি কলে মাড়াই মৌসুম শুরু হয়। কেরু চিনিকলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে মৌসুম কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।