দেশের সব চিনিকল ফের চালু করা হবে : শিল্পমন্ত্রী

আধুনিকায়নের কাজ শেষে দেশের সব চিনিকল ফের চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ‘দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। চিনিকল আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সব কারখানা চালু করা হবে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২১-২২ অর্থবছরের মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

আখের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই-বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে।’

গতকাল একই অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আন্তার্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও সে দাম বৃদ্ধি পায়। তবে আমদানিনির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবির কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে ৪০০-৫০০ টিসিবি ট্রাক নামানো হবে।’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন কোনো ইস্যু নাই, তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু যারা চেষ্টা করছে, তার থেকে শো অফ করছে।’

মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেরু চিনি কলে মাড়াই মৌসুম শুরু হয়। চিনিকলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে মৌসুম কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।