চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে জুনায়েদুল ইসলাম (২৮) নামে জাল সনদ তৈরির চক্রের একজনকে আটক করেছে র্যাব। তিনি জাতীয় পরিচয়পত্র থেকে সব ধরনের জাল সনদ তৈরি করতেন বলে জানিয়েছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ বাকলিয়া মামুনুর রশিদ মার্কেটে একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক জুনায়েদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কৈয়গ্রাম এলাকার। তিনি দীর্ঘদিন ধরে বাকলিয়ার একটি দোকানে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে অর্থের বিনিময়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে আসছিলেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল দেশ রূপান্তরকে জানান, বিভিন্ন ধরনের জাল সনদ তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া এলাকায় একটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এ সময় জালিয়াতির হোতা জুনায়েদকে আটক ও জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।