নির্বাচনী সভায় 'প্রধানমন্ত্রীকে কটূক্তি': বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সাভারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সভায় 'প্রধানমন্ত্রীকে কটূক্তি' করে বক্তব্য দেওয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলার আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী রকিব আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২২ ডিসেম্বর বিকেলে আমিন বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থক স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহর সমর্থনে এক সভায় কফিল উদ্দিন বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় রকিবের দায়ের করা মামলার তদন্ত করছেন এসআই আতিকুর রহমান রাসেল।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আমরা মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।