হজরত মোহাম্মদকে (সাঃ) অপমান করাকে মতপ্রকাশের স্বাধীনতা বলে না, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার বাৎসরিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার সংবাদ সংস্থা টিএ এস এস এই তথ্য জানিয়েছে।
পুতিন বলেন, মহানবীকে (সা.) অপমান করা মানে মুসলিম সম্প্রদায়ের পবিত্র অনুভূতিকে আঘাত করা, ধর্মীয় স্বাধীনতাকে আঘাত করা।
শৈল্পিক স্বাধীনতা যেন ধর্মীয় স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রুশ সৈনিকদের নিয়ে ওয়েবসাইট ইমমর্টাল রেজিমেন্টে নাজি বাহিনীর ছবি পোস্টের ঘটনার সমালোচনা করে পুতিন বলেন, এ ধরনের কাজ চরমপন্থীদের উসকে দেয়। এ সময় উদাহরণ হিসেবে, মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর প্যারিসে চার্লি এবদো ম্যাগাজিনের কার্যালয়ে হামলার কথা উল্লেখ করেন পুতিন।
শিল্পের স্বাধীনতার প্রশংসা করলেও পুতিন বলেন, এ ক্ষেত্রে কিছু সীমারেখা টানা জরুরি, যাতে করে তা অন্য স্বাধীনতা লঙ্ঘন না করে।
রাশিয়া বহু-জাতি এবং বহু মতে বিশ্বাসী রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, রাশানরা একে অন্যের ঐতিহ্যকে সম্মান করেই অভ্যস্ত, যেখানে অন্য অনেক দেশেই এ রকমটা দেখা যায় না।