মাফিজুল ইসলাম রবিনের সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শারজায় ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ২২২ রানের বড় জয়ে তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুয়েত অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে যায় ৬৯ রানেই।
যুবা টাইগারদের পক্ষে ওপেনার মাহফিজুল ১১৯ বলে খেলেন ১১২ রানের ইনিংস। ১২ চার ও ৪ ছক্কায় গড়া তার ইনিংসটি। ২৪ বলে ৪২ রান করেন মেহরব। বোলিংয়ে ৮ ওভারে স্রেফ ১০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার রিপন মন্ডল। এ ছাড়া মেহরব ও অধিনায়ক রাকিবুল ২টি করে শিকার করেন।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল রাকিবুল হাসানরা। সেই ম্যাচে সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ নাবিল।
কুয়েতের বিপক্ষে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইফতাখার হোসেন (২)। এরপর মিডল-অর্ডার তিন ব্যাটার ছোট-ছোট ইনিংস খেলে ফিরলেও, এক প্রান্ত আগলে রাখে দলের রানের চাকা বড় করছিলেন মাহফিজুল। তুলে নেন সেঞ্চুরি।
মিডল-অর্ডারে আইচ মোল্লা ২০, আরিফুল ইসলাম ২৩, উইকেটরক্ষক তাহজিবুল ইসলাম ২৫ ও এসএম মেহেরব ৪২ ও অধিনায়ক রাকিবুল হাসান ২১ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। কুয়েতের পক্ষে আব্দুল সাদিক ৩ উইকেট নেন।
ব্যাটিংয়ে আলো কাড়ার পর বল হাতে জ্বলে উঠে বাংলাদেশের বোলাররা। কুয়েত তাই ২৫.৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার ও অধিনায়ক মিট ভাবসার ৪৩ ও মির্জা আহমেদ ১১ রান করে ফেরেন।
মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।