ইসি পুনর্গঠনে সংলাপের নামে প্রহসন চলছে: রিজভী

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে সংলাপের নামে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অর্ধশতাধিক নেতা–কর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে দেয় না- সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ ইসি গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়? এটা তো পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু একটা প্রহসন করার জন্য রাষ্ট্র সংলাপ করছে, এই সংলাপ প্রহসনমূলক। এটা তো জাতির সাথে ইয়ার্কি করা, ঠাট্টা করা। আপনি আবার সংলাপের নাম করে দেশ এবং বিদেশকে দেখাতে চাচ্ছেন যে, আমরা তো সংলাপ-টংলাপ করে, একটা সার্চ কমিটি করে আমরা নির্বাচন করব। এগুলো হচ্ছে একটা প্রসাধনী।’

তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিতেই গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার সুস্থতাই হচ্ছে গণতন্ত্রের সুস্থতা। তার স্বাভাবিক চলাচলের মধ্যেই আবার ফিরে আসবে সেই গণতন্ত্রের মুক্ত বাতাস।’

রিজভী বলেন, ‘তিনি আজকে বিনা চিকিৎসায় এভার কেয়ার হাসপাতালে ধুঁকছেন। এক গভীর চক্রান্তের জালের মধ্যে তিনি যেন ধুঁকতে ধুঁকতে পৃথিবী থেকে চলে যান, এ ধরনের মাস্টার প্ল্যান করেই খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।’

জাগপা থেকে যোগদান করা নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূল ধারায় সম্পৃক্ত হয়েছেন।’

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীম হোসেন, ইসতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু, কামরুজ্জামান সেলিম প্রমুখ।

জাগপার যুগ্ম-সম্পাদক ইনসাল আলম আক্কাসের নেতৃত্বে কৃষকদলে যোগদানকারীরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপা সভাপতি আরিফুল ইসলাম, জাগপা নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহীন, মো. ইসহাক, নূর মোহাম্মদ প্রমুখ।