ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক অভিযোগ করে বলেছেন, ‘আমাদের কর্মীসভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
শনিবার রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ বিএনপির।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এ হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকারই কখনো টিকিয়ে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারেও পতন ঘটবে।’
আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘শেরে বাংলা থানাধীন ২৭, ২৮ ও ৯৯ ওয়ার্ড বিএনপির কর্মীসভা ছিল রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে। কর্মীসভায় আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম তখন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করেন। এতে বিএনপির অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। একইসঙ্গে হামলাকারীরা রেস্টুরেন্টেও ভাঙচুর করেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো বিরোধী মত ও পথকে সহ্য করতে পারে নাই। ক্ষমতাসীন দলের এসব অঙ্গ সংগঠন জাতির জন্য কলঙ্ক। আমরা এ হামলার সমুচিত জবাব একদিন অবশ্যই দেব।’
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশকে জানিয়ে এই কর্মীসভা করার পরও স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফরিদুর রহমান ইরানের নেতৃত্বে কীভাবে এই হামলা করা হলো ? পুলিশের পৃষ্ঠপোষকতায় আওয়ামী দুষ্কৃতিকারীরা এ হামলা করেছে।’