দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জিয়া শিশু একাডেমির শাপলাকুঁড়ির অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা আবহ সৃষ্টি হয়েছে যে, অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো, সবকিছু ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করছে, আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে তাদের মনে করার কোনো দরকার নেই-এই ধরনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আলোকিত পৃথিবী চাই, আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদি আমাদের চারদিকে অন্ধকার ছেয়ে ফেলে, তাতেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন একটা আনন্দময়, কল্যাণময় সমৃদ্ধ বাংলাদেশ গড়বার। তিনি শুরু করেছিলেন সেভাবে, একেকজন শিশুকে তৈরি করছিলেন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূরণ হচ্ছে এই বছর, এটাকে বিজয়ের মাস বলা হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই বিজয়ের মাসে যারা যুদ্ধের সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, পথ দেখিয়েছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, বন্দী ছিলেন- তাদেরকে আমরা সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না, মনে করতে পারছি না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অবশ্যই স্মরণ করব আমাদের সেই মহান প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। তিনি আজ অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। আজকের এই বড় দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন।’ এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
শাপলা কুঁড়ির যাত্রা শুরু ১৯৯৯ সাল থেকে। তখন থেকে এই পর্যন্ত যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তাদেরকে এই অনুষ্ঠান শাপলাকুঁড়ি মেডেল দেয়া হয়। জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা।