‘আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়’থ এ স্লোগানে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের চতুর্থ ‘বাংলা সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার নগরীর চারুকলা ইনস্টিটিউটে বেলুন উড়িয়ে সম্মিলন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এ সম্মিলন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম মেলবন্ধন তৈরি করেছে। এ বিভাগের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে পাওয়া শিক্ষায় আমাকে এ পর্যায়ে আসতে সহায়তা করেছে।’
বাংলা সম্মিলনের সভাপতি কবি অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু, খ্যাতনামা কবি আসাদ মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র, বাংলা সম্মিলনের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, এসএম আবু সুফিয়ান প্রমুখ।
আয়োজকরা জানান, সম্মিলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে সবাই স্মৃতিকাতর হয়ে পড়েন। দিনভর আড্ডায় মেতে ওঠেন।
সম্মিলনের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক খালেদা হানুম, অধ্যাপক ভূঁইয়া ইকবাল, নারীনেত্রী শহীদজায়া মুশতারী শফী, বাংলা সম্মিলনের কার্যকরী কমিটির সদস্য খালিদ আহসান, শিহাব উদ্দিন রতন, সোহেল উদ্দিন ছোটনের মৃত্যুতে গভীর শোক জানানো হয়।