ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর ট্রাকের ধাক্কায় কাজল মিয়া (১৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় বালুভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী অপর একটি বালুভর্তি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের হেলপার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বাসের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিদ আলী ওই উপজেলার যোগীপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজিদ আলী নিজের ভ্যান নিয়ে যোগীপাড়া থেকে শেখপাড়া বাজারে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে আজিদ আলী। এসময় কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় গুরুতর আহত আজিদ আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।