শিক্ষার্থীরা কোথায় কতটুকু পিছিয়ে আছে তা বিশ্লেষণ করে নতুন বছরে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের পিছিয়ে থাকা তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আমরা নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করব। তবে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে চাঁদপুরে নিজ বাসভবনে জনপ্রতিনিধির মাধ্যমে শীতার্তদের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত বছরের মতো এ বছরও বই উৎসব না হলেও প্রথম দিন থেকেই প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা তাদের শিডিউল নির্ধারণ করেবে কোনদিন কোন ক্লাসের বই দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দীপু মনি বলেন, পাশ্চাত্য দেশগুলোতে শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও আমাদের দেশে মার্চ মাসে প্রকোপ বৃদ্ধি পায়। তাই আগামী মার্চের আগে নতুন কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে কিছু বলতে পারছি না। মার্চ মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব। পরবর্তীকালে করোনা পরিস্থিতি বিবেচনা করে তখন ক্লাস সংখ্যা আরও বাড়ানো বা রেমিডিয়েল ক্লাস বৃদ্ধির বিষয়ে চিন্তা করব।