সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণ দুজন দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে পুরনো জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আরও দুজন জাহাজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন। দগ্ধ দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল  শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেনÑ জাহিদ হাসান, সোহেল রানা, ফিরোজ ও মিজানুর রহমান। তাদের মধ্যে জাহিদ হাসান ও সোহেল রানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি  করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, যমুনা শিপ ইয়ার্ডে একটি পুরনো জাহাজে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে গেলে দুজন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, দুপুর ৩টার দিকে দগ্ধ দুজনকে ঢাকায় পাঠানো হয়।