সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে ভোট শুরু হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হওয়ার কথা থাকলেও ইভিএমএ দুই মেম্বর প্রার্থীর প্রতীক নিয়ে এই বিপত্তি বাধে।
স্থানীয় ভোটার হামিদুর রহমান জানান, চাঁদখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ ঘণ্টা পর ভোট শুরু হয়।
৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী আবদুল মাজেদ জানান, আমার প্রতীক ছিল মোরগ কিন্তু ইভিএম মেশিনে প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে, মো. রুহুল বলেন, আমার প্রতীক ফুটবল মেশিনে দেখাচ্ছে মোরগ।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার রুহুল আমিন বলেন, এবারের নির্বাচনে শুধুমাত্র রমজান নগর ইউনিয়নে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। তবে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর সমস্যার সমাধান করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ না যে আবুজর গিফারি জানান, ইভিএমে বিঘ্নতার কারণে যেটুকু দেরি হয়েছে তা পুষিয়ে নিতে নির্ধারিত সময় থেকে আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম ইভিএম মেশিনে দুই প্রার্থীর নাম উল্টে যাওয়ার অভিযোগ পেয়ে সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।