ভৈরবে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে একে অন্যের বিরুদ্ধে কেন্দ্র দখল করার অভিযোগ তুলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়ার সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 আহতদের মধ্যে রিগান, উজ্জ্বল, রফিক, সজল, আমির হামজা, বাক্কি মিয়া, আপন, সাইদ, শরীফ ও মামুন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ২০/২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠি চার্জ করে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ওই কেন্দ্রে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিতরা নৌকা প্রতীকের পক্ষে জালভোট দিচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়া তার কয়েকশ সমর্থক নিয়ে ভোট কেন্দ্রে হামলা করলে উভয় পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটার ও ভোটগ্রহণ সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক বিরাজ করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান সবুজ ও অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পুলিশ ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে এবং র‌্যাব-বিজিবি ব্যাপক লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় ২০/২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ভোট গ্রহণ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। দুপুর সাড়ে ১২টা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।