ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় ঢাবিতে মাস্টার্সের ছাত্রকে ‘নির্যাতন’

ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাস্টার্সের এক ছাত্রকে রুমে গিয়ে নির্যাতন চালিয়ে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হলের নেতার বিরুদ্ধে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাগর সরকার হল ছাত্রলীগের পদপ্রার্থী সত্যজিৎ দেবনাথের বিরুদ্ধে এ অভিযোগ এনে হল প্রশাসনকে লিখিত দিয়েছেন।

সত্যজিৎ দেবনাথ বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ২০১৩- ১৪ সেশনের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের গ্রুপ থেকে হলের পদপ্রত্যাশী।

ভুক্তভোগী সাগর সরকারের অভিযোগ, রোববার দুপুর আড়াইটার দিকে জগন্নাথ হল ছাত্রলীগের পদপ্রার্থী সত্যজিৎ দেবনাথ তার কয়েকজন সমর্থককে নিয়ে ১০১১ নম্বর রুমে গিয়ে তাকে শারীরিক আক্রমণ করেন।

তিনি বলেন, আজকে (রোববার) দুপুরে খাওয়া-দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছিলাম, সেই মুহূর্তে সত্যজিৎ দেবনাথ তার সমর্থকদের নিয়ে রুমে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। পরে ১০তলা থেকে আমার বেড নিচে ফেলে দেন।

অভিযোগের বিষয়ে সত্যজিৎ দেবনাথ বলেন, শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। একটু কথা কাটাকাটি হয়েছে বা ধমক-টমক দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের কথাটা বাড়িয়ে বলা হচ্ছে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, প্রোগ্রাম না যাওয়ার কারণে কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলবে, এ ধরনের রাজনীতি ছাত্রলীগ করে না। ছাত্রলীগে কোনো প্রার্থী কেন, কোনো কর্মীও এটা করার সুযোগ নাই। কেউ করে থাকলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।