মায়ের কবরে শায়িত হলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে রাজধানীর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানীতে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সকালে প্রথম জানাজা হয়। পরে বাদ জোহর নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা হয়।

জাতীয় প্রেস ক্লাবে জানাজায় অংশ নেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, নোয়াব সভাপতি এ কে আজাদ, এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, নিউ এজের প্রকাশক এসএসএম শহিদুল্লাহ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, শওকত মাহমুদ, সাইফুল আলম এবং সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অনেকে। এ ছাড়া সাংবাদিক শাহজাহান মিয়া, স্বপন সাহা, আজিজুল ইসলাম ভুঁইয়া, মঞ্জুরুল আহসান বুলবুল, এম এ আজিজ, বদিউল আলম, গোলাম মহিউদ্দিন খানসহ অনেকে শ্রদ্ধা জানান।