রাহুলের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

ওপেনার লোকেশ রাহুলের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।

রবিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২৭২ রান তুলেছে ভারত। রাহুল ২৪৮ বলে ১২২ রানে অপরাজিত আছেন। ১৭ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন এখন পর্যন্ত।

রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ১১৭ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় টস জিতে ব্যাট করতে নামা ভারত। আগারওয়াল ৬০ রানে ফিরেছেন।

তিনে নামা চেতেশ্বর পূজারা ডাক মারলেও চারে নামা অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন রাহুল। কোহলি ৯৪ বলে ৩৫ রান করেন।

পাঁচে নেমে আজিঙ্কা রাহানে ৪০ রানে অপরাজিত আছেন। রাহুলের সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত ৭৩ রান যোগ করেছেন তিনি।

প্রোটিয়াদের পক্ষে দিনের তিনটি উইকেটই নিয়েছেন লুঙ্গি এনগিদি।