ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান- ১০ এ আগুনে পোড়ার ঘটনায় দগ্ধ একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর পাড় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পেটে পোড়া দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, প্রথমে আমরা ধারণা করেছিলাম বিষখালী নদীর যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটা রাজাপুর উপজেলার অংশ নাপিতের হাট এলাকায়। পরে আমরা নিশ্চিত হয়েছি এটা ঝালকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে আজ সকালে চতুর্থ দিনের মতো ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে।