লঞ্চে অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি মঙ্গলবার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় মৃতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট পিটিশনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। 

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার এই রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বিষয়টি নিয়ে  বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আগামীকাল শুনানি হবে।

রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের আজ সোমবার এ কথা জানান।

রিটে ওই ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিচারিক অনুসন্ধানের জন্য কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

নৌ পরিবহন সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান, লঞ্চের মালিক হামজালাল শেখসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে মাঝনদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৭০ জনের বেশি। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।