এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহ্‌ফুজ আনাম

মাহ্‌ফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএনএন বোর্ড সর্বসম্মতিক্রমে মাহ্‌ফুজ আনামকে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করে।

এএনএনের বিদায়ী চেয়ারম্যান ওয়ারেন ফার্নান্দেজের কাছ থেকে ২০২২ সালের ১ জানুয়ারি দুই বছর মেয়াদি দায়িত্ব গ্রহণ করবেন মাহ্‌ফুজ আনাম।

তিনি দ্বিতীয়বারের মতো এএনএনের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন। তিনি ২০০৭ সালে প্রথমবারের মতো এএনএনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।

এএনএনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাহ্ফুজ আনামের নাম প্রস্তাব করেন সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রধান সম্পাদক ফার্নান্দেজ। সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস (এসপিএইচ) মিডিয়ার ইংরেজি/মালয়/তামিল মিডিয়া গ্রুপও মাহ্‌ফুজ আনামকে মনোনীত করে।

এশিয়া অঞ্চলের ২৩টি শীর্ষস্থানীয় গণমাধ্যম এএনএনের সদস্য। ১৯৯৯ সালে এএনএন জোট প্রতিষ্ঠিত হয়।