সরকার নিজেদের অপকর্ম ও আন্তর্জাতিক চাপে পতনের মুখে: খন্দকার মোশাররফ

সরকার নিজেদের অপকর্ম ও আন্তর্জাতিক চাপে পতনের মুখে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন জনগণকে সঙ্গে নিয়ে একটি ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিতে হবে।’

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইন কোনো বাধা নয়, বাধা সরকার নিজেই।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশের ভাবমূর্তি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, ‘গত রবিবার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে কি পরিমাণ সন্ত্রাস হতে পারে, কি পরিমাণ মারামারি হতে পারে, কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন। বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এটা পরিষ্কার যে, এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে না। এ রকম অবস্থা থাকলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না।’

তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি আনতে হলে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নাই। সরকারে এমনিতেই নিজেদের পাপের ভার ও আন্তর্জাতিক চাপে পতনের মুখে। এখন আমাদের জনগণকে সঙ্গে নিয়ে একটা ধাক্কা দেয়া বাকি। সেই ধাক্কাটা দিতে আসুন সকলে সংগঠিত হই। এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নাই।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সারোয়ার হক মজুমদার শিমুল। সংগঠনের সভাপতি ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী প্রমুখ।